

রাঙামাটির নানিয়ারচর চুনিলাল দেওয়ান সেতুর আশপাশের সড়কের পাশজুড়ে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটে নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক সৌন্দর্য। একই সঙ্গে পথচারীদের চলাচল ও সড়কের পরিবেশ নিয়েও তৈরি হচ্ছে নানা ভোগান্তি। ব্রীজকে ঘিরে যেখানে পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ থাকার কথা, সেখানে বাঁশ, ত্রিপল, টিন ও কাঠের তৈরি বিভিন্ন অস্থায়ী দোকান চোখে পড়ছে।
সম্প্রতি ধারণ করা দৃশ্যে দেখা যায়, ব্রীজসংলগ্ন সড়কের পাশে বাঁশের খুঁটি ও ত্রিপল দিয়ে তৈরি বেশ কয়েকটি অস্থায়ী দোকান স্থাপন করা হয়েছে। কোথাও কাঠের টেবিল-চেয়ার, কোথাও ভ্যান ও বিভিন্ন সামগ্রী রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
ব্রীজ ও এর আশপাশের এলাকা স্থানীয়দের পাশাপাশি ভ্রমণপিপাসু মানুষের কাছেও আকর্ষণীয় একটি স্থান। কিন্তু ব্রীজের পাশ ঘেঁষে অপরিকল্পিতভাবে দোকান বসায় পুরো এলাকার দৃশ্যপটে তৈরি হচ্ছে অগোছালো পরিবেশ।
দোকানের ছাউনি হিসেবে ব্যবহৃত পুরোনো ত্রিপল, বাঁশের কাঠামো, কাঠের টেবিল ও বিভিন্ন মালামাল সড়কের পাশের সৌন্দর্য অনেকটাই ঢেকে দিয়েছে। কোথাও দোকানের কাঠামো সড়কের একেবারে কিনারা পর্যন্ত চলে এসেছে। এতে ব্রীজের নান্দনিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।