
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে ‘১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’। বুধবার (২৬ আগস্ট) বৃষ্টিস্নাত দিনে রাঙামাটির কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প চলবে ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত।
ক্যাম্পে দেশের ৬৪ জেলা থেকে মোট ২৫০ জন স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট, গার্লস ইন রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডার অংশ নিচ্ছেন। অ্যাডভেঞ্চার, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধিই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
বুধবার দুপুর সাড়ে ১২টায় কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “স্কাউটিং এমন একটি বিষয়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক গুণাবলি অর্জনের জন্য বিভিন্ন বিষয় শেখানো হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা স্মরণ রাখার মতো।”
বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক এ এইচ এম মুহসিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম এবং কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক মেহেনাজ মুন্নি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল। বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম পরিচালক মোসা. মাহফুজা পারভীন।
ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন আঞ্চলিক উপ-কমিশনার (নৌ অঞ্চল) ও কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কাপ্তাই লেকে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিতে অংশ নেন। পরে বোটযোগে রাইংখ্যং আইল্যান্ডে গিয়ে তাঁরা তাবু স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্ক পরিদর্শন। এছাড়া রাতে ক্যাম্প ফায়ারের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পে অংশ নেওয়া দেশের বিভিন্ন অঞ্চলের স্কাউটরা বলেন, “প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমরা এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিতে এসেছি। নানা প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়, তা শেখার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধিতে এই ক্যাম্প আমাদের জন্য সহায়ক হবে।”
আয়োজকরা জানান, কাপ্তাই, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন প্রাকৃতিক ও পর্যটনকেন্দ্রকে ঘিরে পাঁচ দিনব্যাপী এ অ্যাডভেঞ্চার কার্যক্রম পরিচালিত হবে। দেশের বিভিন্ন প্রান্তের স্কাউটদের জন্য এ ক্যাম্প নতুন অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।