কাপ্তাইয়ে বাঁশবোঝাই ট্রাকে বিদ্যুতের তার ছিঁড়ে বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার:

প্রতিবেদক: নুর মোহাম্মদ
প্রকাশ: ৪ দিন আগে

রাঙামাটির কাপ্তাইয়ে বাঁশবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিদ্যুতের তার আটকে ছিঁড়ে যাওয়ায় ১১ কেভি লাইনের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিলছড়ী-বালুরচর এলাকার প্রশান্তি পার্ক সংলগ্নসহ কাপ্তাইয়ের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার জানান, কাপ্তাই থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে আনসার ক্যাম্পসংলগ্ন প্রশান্তি পার্কের সামনে ট্রাকের বাঁশের সঙ্গে সড়কের ওপর থাকা বিদ্যুতের তার আটকে যায়। ট্রাকটি এগিয়ে গেলে তারে টান পড়ে সেটি ছিঁড়ে যায়। এতে ১১ কেভি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৬৩৭৪।

চালক ইব্রাহিম বলেন, প্রশান্তি পার্কের সামনে বিদ্যুতের তারটি সড়কের তুলনায় খুব নিচু ছিল। বাঁশের সঙ্গে তারটি আটকে যাওয়ার পর ট্রাক এগিয়ে নিলে সেটি ছিঁড়ে যায়। তাঁর দাবি, যানবাহন চলাচলের সড়কের ওপর এভাবে নিচু অবস্থায় বিদ্যুতের তার থাকা ঝুঁকিপূর্ণ।

কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, তারে টান পড়ে ১১ কেভি ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে মেরামতের কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ওই স্থানে থাকা কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম বলেন, ট্রাকটিতে বিপুল পরিমাণ বাঁশ বহন করা হচ্ছিল। এ ধরনের পণ্য পরিবহনের সময় চালকদের বাড়তি সতর্কতা প্রয়োজন। পাশাপাশি সড়কের ওপর থাকা বিদ্যুতের তারও নিরাপদ উচ্চতায় রাখা জরুরি।

এদিকে ট্রাক মালিক সমিতি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও সরঞ্জাম মেরামতের খরচ বহনের আশ্বাস দিয়েছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভোগান্তিতে পড়েছে।