

রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানা উদ্ধার করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ, মদ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী সিগন্যালসের নেতৃত্বে এবং নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
৪১ বিজিবির অধীন কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বৈরাগীপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ওই অবৈধ মদ উৎপাদন কারখানার সন্ধান পাওয়া যায়।
অভিযানে ৩টি মদ তৈরির জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি, ৩ বয়াম রাসায়নিক উপকরণ এবং ৩০ লিটার প্রস্তুত দেশীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া মদ তৈরির জন্য সংরক্ষণ করা প্রায় ১ হাজার ৫০০ লিটার কাঁচামালও জব্দ করা হয়েছে।
৪১ বিজিবি জানায়, উদ্ধার ও জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা।
জব্দ করা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম পুলিশ কর্তৃক ধ্বংস করা হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।