

রাঙামাটির কাপ্তাইয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের জেটিঘাট ও নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেলী রুদ্র।
অভিযানে জেটিঘাট বাজারের ‘লেক হ্যাভেন হোটেল’-এর রান্নাঘর নোংরা ও অপরিচ্ছন্ন রাখার দায়ে মালিক মো. সোহেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, নতুনবাজারের ‘মিজান কুলিং কর্নার’-এর মালিক ফখরুল ইসলামকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত এবং কাপ্তাই থানার এসআই মো. তানভীরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেলী রুদ্র ব্যবসায়ীদের দোকান ও প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ও প্রচলিত আইন অনুসরণ করে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন।