

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সা.)”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুসলিম পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি, মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটি, এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক ব্যবস্থাপনায় এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ, চিৎমরম ইউনিয়ন শাখা ও হযরত ইমাম হোসাইন (রা.) যুবসমাজের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মুসলিম পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আলী আহমদ।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদরাসা এ রহমানিয়া গাউসিয়া, চট্টগ্রামের প্রিন্সিপাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাহজাদা সৈয়্যদ আহমদ রেজা আল-কাদেরী (মা.জি.আ.)।
গাউছিয়া কমিটি বাংলাদেশ, চিৎমরম ইউনিয়ন শাখার উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা, রাঙ্গুনিয়ার আরবি প্রভাষক মাওলানা মো. হোসাইন আল-কাদেরী; সন্দীপপাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার ও চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী এবং মুসলিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. হামিদ উল্লাহ কাদেরী প্রমুখ।
মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক আবু সৈয়দ লেদু ও সদস্য সচিব মো. আব্দুল জলিলের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে আরও উপস্থিত ছিলেন চিৎমরম সমাজ পরিচালনা কমিটির সভাপতি হাজী জয়নাল সওদাগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদিন, বদরুল আহমেদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় চিৎমরম মুসলিম পাড়ার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে অংশগ্রহণ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।