

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান ড. মো. মাহমুদুর রহমান বলেছেন, “কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) সরকার বন্ধ করবে না। কীভাবে এ প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে সরকার বিবেচনা করবে।”
শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় রাঙামাটির কাপ্তাইয়ে দেশের ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে বিসিআইসি চেয়ারম্যান কেপিএমের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি কারখানার সার্বিক কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা ও বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে কেপিএম গেস্ট হাউসে কারখানার বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় ড. মো. মাহমুদুর রহমান কেপিএমের বর্তমান অবস্থা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কারখানার কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কেপিএমকে কার্যকরভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিসিআইসি চেয়ারম্যান বলেন, কেপিএম একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটি বন্ধ করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই। বরং কীভাবে এ প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানো যায় এবং প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করবে।
চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে বিসিআইসির মহাব্যবস্থাপক (প্রশাসন) গাজী সাহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, মহাব্যবস্থাপক (উৎপাদন) মইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (বন) মোহাম্মদ আলী, সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাকসহ কেপিএমের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিসিআইসি চেয়ারম্যানের কেপিএম পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে চলা দেশের অন্যতম ঐতিহ্যবাহী এ কাগজকলের উৎপাদন বৃদ্ধি ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।