

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা এক ধর্ম যার যার, বাংলাদেশটা সবার।
শুক্রবার বিকেলে নাটোর শহরের বঙ্গজল রাজবাড়ি শ্রী শ্রী শ্যাম সুন্দর বড়তরফ মন্দির প্রাঙ্গণ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা এবং শান্তির জন্যই শ্রীকৃষ্ণের আবির্ভাব। দুষ্টের দমন ও শিষ্টের পালনের আদর্শ ধারণ করে দেশের শান্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে ধর্ম-বর্ণের কোনো বৈষম্য নেই। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তবৃন্দ।
সিংক: অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু -হুইপ