

খাগড়াছড়ির গুইমারায় ‘সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের আয়োজনে এবং গুইমারা উপজেলা প্রশাসন ও তথ্য অফিস, রামগড়ের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। সভায় সভাপতিত্ব করেন পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিসকাতুল তামান্না বলেন, সাংবাদিকরা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগের তথ্য জনগণের কাছে তুলে ধরতে পারেন। এতে সাধারণ মানুষ তাদের এলাকায় কী ধরনের উন্নয়ন কাজ হচ্ছে, কী কী সরকারি সুবিধা রয়েছে এবং সেসব সুবিধা কীভাবে পাওয়া যাবে—সে বিষয়ে জানতে পারেন। পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, কর্মসংস্থান ও নাগরিক সেবাসহ বিভিন্ন সমস্যা গণমাধ্যমে তুলে ধরে সাংবাদিকরা জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।
সভায় রামগড়, গুইমারা ও মাটিরাঙ্গার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বাবলু আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন লক্ষ্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, জনসচেতনতা সৃষ্টি, সরকারি সেবার তথ্য প্রচার এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।