

রাঙামাটির নানিয়ারচরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম আসরের ফাইনাল ম্যাচ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ জিয়া যুব ও ক্রীড়া সংঘ আয়োজিত এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ ফাইনালে সংজুনি ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অসহায় ক্লাব নানিয়ারচর। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে সৃষ্টি হয় টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে অসহায় ক্লাব নানিয়ারচর।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি রেফারি ও নৃত্যদলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
ফাইনাল ম্যাচে আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মোহাম্মদ সারওয়ার কামাল, মৌসুমী ফল সমবায় সমিতির সভাপতি নুর ইসলাম, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী এবং শহীদ জিয়া যুব ও ক্রীড়া সংঘের সভাপতি ও ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম সাইফ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নানিয়ারচরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।