

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
ব্রিফিংয়ে সিএমপি কমিশনার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া সিএমপির দক্ষিণ, উত্তর, ডিবি, ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপারেশনস ও সিএসবি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও ব্রিফিং প্যারেডে অংশ নেন।
জশনে জুলুসকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মুসল্লিদের নিরাপদে ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।