জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

প্রতিবেদক: নুর মোহাম্মদ বাবু
প্রকাশ: ২ ঘন্টা আগে

রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় বাগানের জালে আটকা পড়া প্রায় ৯ ফুট লম্বা ও ৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে রাঙামাটি সদর ৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল এলাকার স্টাফ শশি কুমার ত্রিপুরার বাগান থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় কলেজ শিক্ষার্থী সৈয়দ আমিন জানান, বাগানের জালে অজগরটি আটকা পড়ার খবর পেয়ে তিনি বন বিভাগকে অবহিত করেন। পরে রাঙামাটি সদর দক্ষিণ বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।

সদর টিম লিডার ও ফরেস্টার মো. শফিকুল ইসলাম জানান, বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় অজগরটি উদ্ধার করে সদর কার্যালয়ে নেওয়া হয়। পরে দুপুর ১২টার দিকে সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, গত ২-৩ মাসে ২০টিরও বেশি অজগরসহ বিভিন্ন প্রজাতির উদ্ধার করা বন্যপ্রাণী নিরাপদে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সবসময় সচেতন রয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী পাচার রোধে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।