

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং বান্দরবান গ্রাউসের বাস্তবায়নে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ ঘোষণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা স্বাস্থ্য পরিদর্শক উ থোয়াই খই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংকাবতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাতাং ম্রো, গ্রাউসের জুনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (পিএফএ-০৪) হ্লাসুই মং।
এছাড়া ১২৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য, ৪ নং ওয়ার্ডের সদস্য, ভিডিএস কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উ থোয়াই খই মারমা বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; এটি প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে নিজ নিজ বাড়ি, আশপাশের এলাকা এবং গ্রামের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাতাং ম্রো বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম গড়তে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সম্মিলিতভাবে কাজ করলে টংকাবতী ইউনিয়নের প্রতিটি গ্রামকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা পরিচ্ছন্নতা বজায় রাখা, নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।