

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিণছড়া মুখ হেডম্যানপাড়ায় টানা তিন দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। গতকাল থেকে শুরু হয়ে সারা রাত অব্যাহত বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে গাছসহ নিচে বসতবাড়ির ওপর ভেঙে পড়ে। এতে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় সড়কে গাছ পড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে পাহাড়ধসের সময় বিদ্যুতের ও বৈদ্যুতিক তার ছিঁড়ে পরে এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তিনটি পরিবার। তারা হলেন— মিচিং মারমা, থোয়াইচিংহ্লা মারমা এবং অংশৈনু মারমা। তাদের বাড়ি হরিণছড়া মুখ হেডম্যানপাড়া, ওয়ার্ড নং-০২, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন, কাপ্তাই উপজেলায় অবস্থিত।
স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় নতুন করে ধসের আশঙ্কা রয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, বিদ্যুতের ঝুঁকি দূর করা এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।
স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।