দুর্ঘটনাকবলিত সিএনজির সূত্র ধরে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রতিবেদক: মিজানুর রহমান
প্রকাশ: ১ মাস আগে

নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজির সূত্র ধরে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এ তথ্য জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ মহল্লার ময়েন উদ্দিন মন্টুর ছেলে গালিব মোস্তফা (২৫), নমির শেখের ছেলে নজরুল ইসলাম ভোলা (৪০) এবং কাচু প্রামানিকের ছেলে শাহাদৎ হোসেন পিপল (৪৫)। মামলার অপর দুই আসামি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পানিকাটা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আরমান (৩০) ও অজ্ঞাতনামা সিএনজি চালক পলাতক রয়েছেন।

পুলিশ সুপার জানান, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নলডাঙ্গা থানার বুড়িরভাগ জামে মসজিদের সামনে পাকা সড়কের একটি বাঁকে সবুজ রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে রাত ১০টার দিকে পুলিশ দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানতে পারে, দুর্ঘটনাকবলিত সিএনজিটিতে তিনটি প্লাস্টিকের বস্তায় গাঁজা ছিল। দুর্ঘটনার সময় গাঁজা বহনকারী আরমান আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। পরে গাঁজার বস্তাগুলো শাহাদৎ হোসেনের সহযোগিতায় গালিব মোস্তফা ও নজরুল ইসলামের বাড়িতে ভাগ করে রাখা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশ প্রথমে গালিব মোস্তফার বাড়িতে অভিযান চালায়। তার দেখানো মতে বাড়ির নিচতলার বাথরুমের ফলস সিলিংয়ের ওপর থেকে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তার পাঁচটি প্যাকেট থেকে ১৯ কেজি ৭৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরে নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার তিনটি প্যাকেট থেকে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। দুই বাড়ি থেকে উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৩৩ কেজি ৩৭০ গ্রাম।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, উদ্ধারকৃত আলামত বিধি অনুযায়ী জব্দ ও সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় এসআই (নিঃ) মো. আব্দুল মালেক বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।