

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে গুরুদাসপুর উপজেলার খামার চাঁচকৈড় কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে নিহত শাকিলের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। পরে তাঁরা শাকিলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শাকিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পাশাপাশি হত্যার ইন্ধনদাতা ও অর্থ জোগানদাতাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
অন্যদিকে, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও জেলা বিএনপির নেতৃবৃন্দও শাকিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা নিহতের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শাকিলের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি।
উল্লেখ্য- হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৪ অক্টোবর চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে ২৬ অক্টোবর ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় শাকিলের বাবা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।