

রাঙ্গামাটির নানিয়ারচরে নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বাবুল চাকমা প্রকাশ বাইট্টা (৩০) নামে এক পাহাড়ি যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নানিয়ারচর উপজেলার বাম্পিলিং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল চাকমা উপজেলার বিহার পাড়ার বাসিন্দা। তিনি সূর্য কুমার চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বাবুল চাকমা বাম্পিলিং পাড়া নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নদীর পানিতে ডুবে যান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা খবর পেয়ে খোঁজাখুঁজি করে তাকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করেন।
পরে তাকে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে নিজ বাড়িতে তার দাহক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।