নানিয়ারচরে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড-ডে-মিল কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক: কামরুল ইসলাম আকাশ
প্রকাশ: ১ সপ্তাহ আগে

আমার স্কুল আমার প্রাণ, শিক্ষা নিয়ে বাড়াব মান”—এই স্লোগানকে সামনে রেখে অভিভাবকদের সহযোগিতায় প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে নতুন কমিটির নতুন পরিকল্পনায় মিড-ডে-মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি নানিয়ারচরের বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিড-ডে-মিল কার্যক্রমের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার জনাব মো. নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব কৃষ্ণলাল দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর জনাব সরওয়ার কামাল, বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. রিয়াজসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক-অভিভাবক সমিতির সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়াতে মিড-ডে-মিল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগ বাস্তবায়নে অভিভাবকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

উদ্বোধন শেষে অতিথিরা সরকার ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। এ সময় বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগে এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।