

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রকৃত অসহায় ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। কোনো অনিয়ম বা অবহেলার কারণে যেন প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বয়স্ক, বিধবা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা ভাতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আর কোনো মা-বাবা তাঁদের ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না।’ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীরা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কর্মসূচির শুরুতে বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।
এরপর প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেন তিনি। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।