

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ০১ নং সাবেক্ষ্যং ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বড়পুল পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন ১৫০টিরও বেশি পরিবারের মানুষ। বিশেষ করে বর্ষাকাল ও দুর্যোগপূর্ণ সময়ে সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, সাবেক্ষ্যং রোড থেকে সদর ইউনিয়নের সংযোগ সড়কের নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সেতুটি নির্মিত হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
এ বিষয়ে পূর্বে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. নুরুজ্জামান। এরই ধারাবাহিকতায় তিনি আজ সরেজমিনে বড়পুল পাড়া এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ যাতায়াতের বিষয়টি প্রত্যক্ষ করেন।
পরিদর্শনকালে মো. নুরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ একটি স্থায়ী সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে বর্ষাকালে তাদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জনগণের স্বার্থে দ্রুত এই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা জরুরি।
এ সময় তিনি রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বড়পুল পাড়া এলাকায় স্থায়ী সেতু নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।