বরকলে ইউএনওর পরিদর্শন: সরকারি সম্পদ সংরক্ষণ ও শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বারোপ

প্রতিবেদক: নিরব হাওলাদার
প্রকাশ: ২ ঘন্টা আগে

রাঙ্গামাটির বরকল উপজেলায় সরকারি সম্পদ সংরক্ষণ, জনসেবার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসলাম সারোয়ার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি উপজেলার ৪ নং ভূষণছড়া ও ৫ নং বড় হরিনা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে সরকারি সম্পদ নষ্ট না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। পাশাপাশি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় পর্যায়ে জনসেবা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনের অংশ হিসেবে ইউএনও মোহাম্মদ আসলাম সারোয়ার ৪ নং ভূষণছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ রুহুল আমিন হাওলাদারকে সঙ্গে নিয়ে এরাবুনিয়া দারুস সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। এ ছাড়া তিনি ভূষণছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রমের তদারকি, সরকারি সম্পদের সুরক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সম্পর্কে সরেজমিনে খোঁজ নেওয়ার এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বরকল উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

জনস্বার্থে প্রশাসনের এমন মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।