

রাঙামাটির বরকল উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রতি অধিক মনোযোগ এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিক ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় বরকল উপজেলা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকলের ইন্সট্রাক্টর জনাব মো. মোরশেদুল আলম এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নিমি চাকমা।
সভায় সভাপতিত্ব করেন বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. তাজরুল ইসলাম।
সভায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শ্রেণিকক্ষে তাদের প্রতি শিক্ষকদের যথাযথ মনোযোগ, পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, একটি শিশুর ভবিষ্যৎ গঠনে প্রাথমিক শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শ্রেণিকক্ষে প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমান গুরুত্ব দিয়ে পাঠদান করতে হবে। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান, নিয়মিত পাঠ প্রস্তুতি এবং আনন্দঘন পরিবেশে পাঠদানের মাধ্যমে শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়াতে হবে।
সভায় শিক্ষকদের উদ্দেশে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তাজরুল ইসলাম শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বরকলের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।