বাঘাইছড়িতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক: ‎আনোয়ার হোসেন
প্রকাশ: ৩ minutes ago

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় হিল বয়েস মাদ্রাসাপাড়া ও হাজী নুরুল আলম স্মৃতি সংসদ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হিল বয়েস মাদ্রাসাপাড়াকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাজী নুরুল আলম স্মৃতি সংসদ।

‎টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার এবং জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা।

‎এছাড়াও উপজেলা এবং পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎খেলা শুরুর আগে অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা খেলোয়াড়দের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে খেলায় অংশগ্রহণের আহ্বান জানান।

‎খেলা শেষে অতিথিবৃন্দ বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বেশি করা প্রয়োজন।”

‎বক্তারা আরও বলেন, “শহীদ জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট বাঘাইছড়ির ক্রীড়াঙ্গনে নতুন উৎসাহ সৃষ্টি করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”

‎ফাইনাল খেলা শেষে বিজয়ী হাজী নুরুল আলম স্মৃতি সংসদ ও রানার্সআপ হিল বয়েস মাদ্রাসাপাড়া দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

‎উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।