

বান্দরবান সদর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরি এমপি।
১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে উদ্বোধন করা কাজগুলোর মধ্যে রয়েছে ১কোটি ১৩ লাখ টাকা ব্যায়ে সদর উপজেলার ত্রুাউ আমতলী পাড়া ব্রিজ ও রাস্তা নির্মাণ। ৪৭ লাখ টাকা ব্যয়ে ডলুপাড়ায় আরসিসি সড়ক নির্মাণ।
উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী বলেন পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সরকার ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ করতে সড়ক, ব্রিজ, কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সুযোগ- সুবিধা বাড়বে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালে আহম্মাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা হীরামনি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু মারমা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মং প্রু মারমা,বান্দরবান পৌর বিএনপির নেতা মো.নাসির উদ্দিন চৌধুরী,সদর উপজেলা বিএনপির সিনিয়র নেতা আয়ূব মেম্বার,মো: জসিম মেম্বার'সহ নেতাকর্মীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।