

গতকাল ২৭ সেপ্টেম্বর রাঙ্গামাটির বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিস, বিলাইছড়ির একাডেমি সুপারভাইজার বিভীষণ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং বিলাইছড়ি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ডি. কে. রুবেল বড়ুয়া। বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা (মনি), বিলাইছড়ি উপজেলার তথ্য কর্মকর্তা আম্বিয়া খাতুন, বিলাইছড়ির শিক্ষক সুমি চক্রবর্তী এবং বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজাতা চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) বিলাইছড়ির সভাপতি বিভূতি ভূষণ চাকমা। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।