
আজ ২৬ আগস্ট ২০২৬ তারিখে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তক্তানালা এলাকায় বন্যায় সহনশীল ও কমিউনিটি-নিয়ন্ত্রিত সৌরবিদ্যুৎ চালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার শুভ উদ্বোধন করা হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের শুভ উদ্বোধন করেন সাবেক রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। উদ্বোধনের পর তিনি স্থানীয় তক্তানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং পাড়াবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট’-এর বাস্তবায়নে এবং ইউকে এইড, সিডা, জাও ও স্টের নেটওয়ার্কসহ বিভিন্ন দাতাগোষ্ঠীর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন WSM প্রকল্পের পরিচালক পবন কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞু চাকমা, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, উপ-নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কক্সী তালুকদার, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা এবং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনাদের এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে সৌরবিদ্যুৎ চালিত এ পানি সরবরাহ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও যাতে স্থানীয় জনগণ সহজে নিরাপদ ও সুপেয় পানি পেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রকল্পটির যথাযথ রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি সুফল বজায় রাখার ওপরও তারা বিশেষ গুরুত্বারোপ করেন।