

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার যমুনাছড়ি বম পাড়ায় মাদকুমুক্ত সমাজ গঠন, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সভায় পাড়ার হেডম্যান রিনলম বম পালমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মালসম পাংখোয়া। এ সময় অন্যান্যদের মধ্যে রামচান বম হেডম্যান এবং ভানসাল পাংখোয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও পাড়ার হেডম্যান, কারবারী, চার্চের যাজক এবং পাড়ার প্রতিটি পরিবারের অন্তত একজন করে সদস্য সভায় অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও জাতি গঠনের অগ্রযাত্রার সাথে একাত্ম হয়ে একটি মাদকমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে হবে। পাশাপাশি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে আগামী প্রজন্ম একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ লাভ করতে পারে।