

রাঙামাটির কোতয়ালী থানার মানিকছড়ি পুলিশ চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি পুলিশ চেকপোস্ট এলাকায় চট্টগ্রামমুখী পাকা সড়কে বিশেষ তল্লাশি চালানো হয়। এ সময় ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ প্রদীপ পাল (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার প্রদীপ পাল চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কেউটিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।