

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ২২১ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন এবং এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল সাপছড়ি ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সনেন্দ্র ত্রিপুরা (৪২), মো. নুরুল ইসলাম (৬৮), হপেন ত্রিপুরা ওরফে সুজন (২১), ধনী ত্রিপুরা (৩০) এবং গোপন ত্রিপুরা ওরফে রাসেল (২৩)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২২১ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।