

২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ ১৬০০ ঘটিকায় বিলাইছড়ি উপজেলা হল রুমে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্ট’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিলাইছড়ি উপজেলা ফুটবল টিমকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী পিএসসি (অধিনায়ক, ২৯ বীর) সুযোগ্য নেতৃত্বে ও নির্দেশনায় বিলাইছড়ি জোন কর্তৃক এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় মর্যাদাকে সমুন্নত করা হয়। এরপর টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জনকারী বিলাইছড়ি উপজেলা দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন জোন কমান্ডার মহোদয়সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।
বিজয়ী দলের খেলোয়াড়দের উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে দিতে জোনের পক্ষ থেকে মোট ২০ জন কৃতি খেলোয়াড়ের মাঝে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকার নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পাহাড়ি অঞ্চলের এই উদীয়মান ক্রীড়াবিদদের খেলাধুলায় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে সেনা জোনের এই ধরনের জনকল্যাণমূলক ও উৎসাহব্যঞ্জক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।