

রাঙামাটি জেনারেল হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মাসুদুর রহমান তালুকদারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও গর্ভজাত শিশুর মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন শিশুটির বাবা, কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকার বাসিন্দা জুয়েল রানা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রীনা আক্তারকে প্রসবজনিত ব্যথা নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন জুয়েল রানা। অভিযোগে বলা হয়, ভর্তির সময় মা ও গর্ভের সন্তান উভয়ই সুস্থ ছিলেন। ১০ জুলাই করা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টেও গর্ভের সন্তান সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ ছিল।
বাদীর দাবি, ১১ জুলাই ডা. মাসুদুর রহমান তালুকদার আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে গর্ভের সন্তান মারা গেছে বলে জানান। এ সময় তিনি প্রসূতির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তার অক্সিজেন সংযোগ খুলে দেন। এতে দীর্ঘ সময় অক্সিজেন না পাওয়ার কারণে গর্ভের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন জুয়েল রানা।
এ বিষয়ে রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি তিনি এখনও অবগত নন। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।