

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার সম্মাসিক জেলা মজলিশে শুরা অধিবেশন সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় রাঙ্গামাটি শহরের বনরূপাস্থ ইসলামী সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামাত ইসলামের রাঙামাটি জেলা আমীর সহকারী অধ্যাপক আবদুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম এবং জেলা সেক্রেটারি মুনছুরুল হক। এছাড়াও জেলার সকল শুরা সদস্য অধিবেশনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহসান উল্লাহ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের বিরোধী দলের দায়িত্ব পালন করছে। বর্তমান সময়ে সংগঠনের দাওয়াত দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দেশের মানুষ এখন জামায়াতের দিকে তাকিয়ে আছে এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় জামায়াতকে দেখতে চায়। তাই এ লক্ষ্য বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা আরও জোরদার করতে হবে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে দোয়ার মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।