

রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে রাঙ্গামাটি সদর উপজেলাকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বিলাইছড়ি উপজেলা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ। গত ৮ সেপ্টেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রাঙ্গামাটি সদর উপজেলা ও বিলাইছড়ি উপজেলা।
অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সংগীত পরিবেশনা করা হয়। এ সময় ব্যান্ড শো পরিবেশন করে হিল মিউজিক একাডেমি।
ফাইনাল খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শুরু হওয়া ম্যাচে দুই দলের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ লড়াই হয়। নির্ধারিত সময়ে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে রাঙ্গামাটি সদর উপজেলাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বিলাইছড়ি উপজেলা।
ফাইনাল ম্যাচ ঘিরে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। ম্যাচ দেখতে সকাল থেকেই স্টেডিয়ামে দর্শকদের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে স্টেডিয়ামের পুরো গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও সমর্থনে ফাইনাল ম্যাচজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাঝে বাড়তে থাকে উত্তেজনা।
রাঙ্গামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নম্বর পার্বত্য রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার আমীর আবদুল আলীমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজনের জন্য তিনি রাঙ্গামাটি রিজিয়নকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলকে অভিনন্দন জানান।
পুরস্কার বিতরণী পর্বে প্রথমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের ব্যক্তিগত মেডেল দেওয়া হয়। পরে সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা ও সেরা গোলরক্ষককে পুরস্কৃত করা হয়। এরপর রানার্সআপ রাঙ্গামাটি সদর উপজেলা দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং চ্যাম্পিয়ন বিলাইছড়ি উপজেলা দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী ও সমাপনী আয়োজনে দেশাত্মবোধক গানসহ বিভিন্ন পরিবেশনা এবং ব্যান্ড শো পরিবেশন করে হিল মিউজিক একাডেমি।