

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ ৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল।
অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ভিকটিমরা সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার, অফিসার ইনচার্জ (কোতয়ালী) জনাব মোঃ জসীম উদ্দীন, ইনচার্জ, সাইবার ক্রাইম মনিটরিং সেল জনাব এইচ.এম. মাহমুদসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জানিয়েছে, জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে অঙ্গীকারবদ্ধ থেকে জনগণের সেবায় কার্যক্রম অব্যাহত থাকবে।