

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের রিজার্ভ অফিসে এ বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় রিজার্ভ অফিসে উপস্থিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা পুলিশ সুপারকে আন্তরিকভাবে স্বাগত জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার রিজার্ভ অফিসের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, প্রশাসনিক ব্যবস্থাপনা, পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং রিজার্ভ অফিসের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও পুলিশ সুপার পুলিশ লাইন্সের বিভাগীয় ভাণ্ডার, পোশাক ভাণ্ডার, অস্ত্রাগার ও রেশন স্টোর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।