

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিলাইছড়ি জোন সদর (২৯ বীর)-এর উদ্যোগে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত ০৮ অক্টোবর ২০২৬ তারিখে বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিলাইছড়ি বাজার, ধুপপাছড়া, বহলতলী, কেংড়াছড়ি ও গাছকাটাছড়া এলাকার স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
দিনব্যাপী পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে সর্বমোট ৩১৩ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়, যার মধ্যে ১১৭ জন পুরুষ, ১৬৩ জন নারী এবং ৩৩ জন শিশু ছিলেন। বিলাইছড়ি জোন সদরের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের পাশাপাশি জোন কমান্ডারের সহধর্মিণীও রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
স্থানীয় দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এ মেডিকেল ক্যাম্প স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখছে।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিতকরণে রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিলাইছড়ি জোন সদর (২৯ বীর)-এর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।