Oplus_131072

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লংগদু থানা শাখার উদ্যোগে দিনব্যাপী “কর্মী শিক্ষাশিবির-২০২৬” উৎসাহ-উদ্দীপনা, শৃঙ্খলা ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাশিবিরে থানা শাখার কর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মীদের আদর্শিক চেতনা বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, কেস স্টাডি, বই আলোচনা, প্রশ্নোত্তর, প্রতিযোগিতা ও মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত হয়।
সকালে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর দারসুল কুরআন ও হাদিস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, লংগদু উপজেলা শাখার তরবিয়াত সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক। তিনি কুরআন ও হাদিসের আলোকে একজন কর্মীর আদর্শিক জীবন গঠন, তাকওয়া অর্জন এবং আল্লাহভীতিসম্পন্ন চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী পর্বে কর্মসূচির উদ্দেশ্য, তাৎপর্য ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়। পরে “দাওয়াতি মুমিন জীবনের মিশন—আমরা দাওয়াতি কাজ কীভাবে করব” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, লংগদু উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন। তিনি ইসলামী আন্দোলনের দাওয়াতি কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে একজন কর্মীর করণীয়, দায়িত্ববোধ এবং কার্যকর দাওয়াতি কৌশল সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর “দাওয়াতি কাজে প্রতিবন্ধকতা ও করণীয়” বিষয়ক কেস স্টাডি ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী কর্মীরা দলভিত্তিক আলোচনার মাধ্যমে মাঠপর্যায়ের বিভিন্ন বাস্তব সমস্যা চিহ্নিত করেন এবং সেগুলোর কার্যকর সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন।
বই আলোচনা পর্বে “ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলি” গ্রন্থের ওপর আলোচনা করেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী , লংগদু উপজেলা শাখার আমির মাওলানা নাছির উদ্দিন।
তিনি ইসলামী আন্দোলনের সফলতা অর্জনে আত্মশুদ্ধি, ত্যাগ, আন্তরিকতা, সাংগঠনিক শৃঙ্খলা ও ধারাবাহিক কর্মপ্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
এরপর প্রশ্নোত্তর ও শিক্ষাসংক্রান্ত ফিডব্যাক গ্রহণ করা হয়।
পাশাপাশি উপস্থিত বক্তৃতা, দলীয় সংগীত, একক সংগীত ও আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
যোহরের নামাজ, মধ্যাহ্নভোজ ও স্বল্প বিশ্রামের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম।
তিনি “আদর্শ উপশাখার কাজ ও বৈশিষ্ট্য” শীর্ষক আলোচনায় একটি আদর্শ উপশাখা গড়ে তুলতে প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো, কর্মপরিকল্পনা ও নেতৃত্বের গুণাবলি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, একজন কর্মীর ব্যক্তিগত জীবন, শিক্ষা, পরিবার ও সাংগঠনিক দায়িত্বের মধ্যে সুষম সমন্বয়ই একজন সফল দাওয়াতি কর্মী গঠনের অন্যতম ভিত্তি।
পরবর্তীতে “ক্যারিয়ার ও সংগঠনের মধ্যে ভারসাম্য রক্ষার উপায়” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন রাঙ্গামাটি শহর আদর্শ শাখার সেক্রেটারি গোলাম রসুল সোহাগ। তিনি পড়াশোনা, পেশাগত প্রস্তুতি ও সাংগঠনিক দায়িত্বকে সমন্বয় করে একজন আদর্শ কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার বিভিন্ন বাস্তবধর্মী দিক তুলে ধরেন।
এরপর “কর্মপদ্ধতি” গ্রন্থের ওপর বই আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লংগদু থানা শাখার সভাপতি জুনাইদুল ইসলাম। তিনি সংগঠনের কর্মপদ্ধতি, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং একজন কর্মীর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
দিনব্যাপী শিক্ষাশিবিরের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মূল্যায়ন, সার্বিক ফিডব্যাক গ্রহণ, সমাপনী বক্তব্য এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের শিক্ষাশিবির কর্মীদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সমাজে ইসলামের দাওয়াতকে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও কর্মীদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।