

৫০বছর পূর্তি উপলক্ষে রাঙামাটির রিজার্ভ বাজার আইএফআইসি ব্যাংকের উপ শাখার বিশেষ আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাঙামাটির রিজার্ভ বাজারে অবস্থিত আইএফআইসি ব্যাংকের উপ শাখায় এ উপলক্ষে কেক কেটে এই সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের আস্থা ও সহযোগিতাই তাদের এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান শক্তি। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এসময় বিশিষ্ট লেখক ও কবি হাসান মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির বাছা, মো. ইকবাল হোসাইন, মিল্টন বিশ্বাস, কাপ্তাই বৃহত্তর মৎস্য ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ জালাল আহমেদ, উপশাখা ইনচার্জ মো. আসাদুজ্জামান ও ক্যাশ অফিসার কাজলী চাকমা সহ গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাঙামাটির কাঠালতলী থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়৷ র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থেকে হ্যাপির মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সুবর্ণজয়ন্তী ঘিরে বর্ণাঢ্য এই র্যালির নেতৃত্ব দেন রাঙামাটি আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সৌরভ চৌধুরী।