
রাঙামাটির কাপ্তাইয়ে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আর ই ব্যাটালিয়ন।
সোমবার (৩১ আগস্ট) হাজাছড়া দায়িত্বপূর্ণ এলাকার বাকছড়ি পাড়া কিয়াং ঘরে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। হাজাছড়া আনসার ক্যাম্প থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে আয়োজিত ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ ১২৮ জন স্থানীয় বাসিন্দা প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পান।
সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসি-এর তত্ত্বাবধানে ক্যাম্পটি পরিচালিত হয়। ব্যাটালিয়নের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. ইফতেখার হোসাইনের নেতৃত্বে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে দূর-দূরান্ত থেকে স্থানীয় বাসিন্দারা উপস্থিত হন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের কল্যাণ ও জনসেবার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।