
রাঙামাটির বিলাইছড়িতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ১০:০০ টা থেকে ১০:৪০মিনিট পর্যন্ত বিলাইছড়ি থানার উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের দীঘলছড়ি এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওসমান গনি।
কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দীঘলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে। পরবর্তীতে র্যালিটি পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বিলাইছড়ি থানার অন্যান্য পুলিশ সদস্য এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ স্থানীয় প্রায় ৭০ থেকে ৮০ জন সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর সামাজিক-শারীরিক ক্ষতিকর দিকগুলো বিশদভাবে তুলে ধরেন। মাদকাসক্তি প্রতিরোধে পরিবার ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে সচেতন হতে হবে। একই সাথে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থেকে একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ জীবন গঠনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।