ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে দুই নারীর মৃত্যু

প্রতিবেদক: হাসিনুজ্জামান মিন্টু
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ঠাকুরগাঁওয়ের পৃথক দুটি ঘটনায় এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত এবং অপর এক নারী পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) সকালে জেলার হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় এসব ঘটনা ঘটে।

জানা গেছে, পীরগঞ্জ উপজেলার বটেরহাট এলাকার বাসিন্দা কাইতন বিবি (প্রায় ৫৫) আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুর কবরস্থানের পাশে একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের তেরকোনা এলাকার বাসিন্দা মালেকা বেগম (প্রায় ৭৮) পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। তিনি মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করছিলেন মালেকা বেগম। তার দৃষ্টিশক্তি কম থাকায় অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলে তিনি আর জীবিত ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।