কাপ্তাইয়ে এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত, ১০ আগস্ট উদ্বোধন হবে মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজ

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) রাঙামাটির কাপ্তাই উপজেলায় টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১০ আগস্ট কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় ৮০ থেকে ৯০ জন অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি রুইহলা অং মারমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিহা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা মডেল মসজিদের মাওলানা সোলাইমান হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি মাওলানা হারুনুর রশিদ, চন্দ্রঘোনা থানার প্রতিনিধি, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই পিডিবি সিবিএ সভাপতি মো. বেলাল হোসেন, নুরুল হুদা কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সেন বড়ুয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইলিয়াস, উপজেলা আনসার ও ভিডিপি প্রতিনিধি জহুরা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা মহিলা দলের সভাপতি নুর নাহার বেগম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইনি চাকমাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, আগামী ১০ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করবেন। এই উদ্যোগটি দেশের জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করবে। তিনি বলেন, জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধামুক্ত সমাজ গঠন, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। এসডিজি ভিলেজ চালুর মাধ্যমে মিতিঙ্গাছড়ি গ্রামের বাসিন্দারা এসব উন্নয়নমূলক সেবার সুফল ভোগ করবেন।

তিনি আরও বলেন, এসডিজি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও সমন্বিত ও গতিশীলভাবে কাজ করতে হবে। প্রতিটি দপ্তরকে এসডিজির সংশ্লিষ্ট সূচক অনুযায়ী নির্ধারিত লক্ষ্যমাত্রা, অর্জন, চলমান কার্যক্রম এবং বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন উপস্থাপনের নির্দেশনা দেন তিনি।

সভায় অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনরা এসডিজি বাস্তবায়নে আন্তঃদপ্তর সমন্বয় বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ এবং দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। বক্তারা এসডিজির লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পারস্পরিক মতবিনিময়, বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে সভা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।