মহালছড়িতে  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক: মোঃ কাউছারুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

​পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহালছড়িতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

​মহান রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ১৫০১তম জন্মবার্ষিকী তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইমাম আ’লা হযরত (রহ.)-এর স্মরণ কমিটি এই চমৎকার আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।

​আজ শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ জন ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহালছড়ি ইসলামী দাখিল মাদ্রাসায় এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মাঝে ইসলামি ইতিহাস, ঐতিহ্য ও সাধারণ জ্ঞান চর্চায় আগ্রহ বাড়াতে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতাটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

​প্রতিযোগিতা চলাকালীন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন বিভিন্ন পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।