রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

প্রতিবেদক: মো আরিফুল হক
প্রকাশ: ২ দিন আগে

মাদক কারবারি, জনবিরক্তি সৃষ্টি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ব্যক্তিরা; দুই কিশোরকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, বেসামাল অবস্থায় জনবিরক্তি সৃষ্টিকারী, অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ও সন্দেহভাজন দুই কিশোরসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে মাদক কারবারের অভিযোগে, দুজনকে বেসামাল অবস্থায় রাস্তায় জনবিরক্তিকর কার্যকলাপের অভিযোগে এবং তিনজনকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে আটক করা হয়েছে। এ ছাড়া নারী নির্যাতনের অভিযোগে একজনকে আটক করা হয়।

অভিযানে আটক অপর দুজন কিশোর। তাদের সন্দেহজনক অবস্থায় আটক করার পর যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ পিতা-মাতার জিম্মায় দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।