
নোয়াখালীর বেগমগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলম (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
এর আগে বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ চৌরাস্তা জামে মসজিদের পূর্ব পাশে শফিউল্লাহর চায়ের দোকানের সামনে সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোহাম্মদ আলম কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থীশিবিরের বাসিন্দা। তিনি ওই শিবির থেকে ইয়াবার চালান নিয়ে নোয়াখালীর হাতিয়ায় যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় তাঁর কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ও একটি মুঠোফোন জব্দ করা হয়। তাঁর এফসিএন নম্বর ২৫৪৪৪৮।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।