
সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাজাহান, উপ-বিভাগীয় প্রকৌশলী (SDE) মো.গুলজার আহমদ এবং সহকারী প্রকৌশলী মো.আবু সুফিয়ান।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বান্দরবান গণপূর্ত বিভাগের শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. শাহ আলম, মো. ফোরকানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত বাসস্থান মানুষের মৌলিক অধিকার। পরিকল্পিত নগরায়ণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সকল শ্রেণি-পেশার মানুষের জন্য বাসযোগ্য আবাসন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পাহাড়ি জেলা বান্দরবানের ভৌগোলিক ও পরিবেশগত বাস্তবতা বিবেচনায় নিয়ে টেকসই ও পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও অংশগ্রহণও প্রয়োজন।