নাটোরে ইসিএসএপি প্রকল্পের সিএসওদের সঙ্গে জেলা প্রশাসনের সমন্বয় সভা

প্রতিবেদক: মিজানুর রহমান
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ইসিএসএপি প্রকল্পের সিএসওদের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে নাগরিক পরিসর সম্প্রসারণে নাটোর জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

লাসটার-এর নির্বাহী পরিচালক লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে এবং অ্যাসোসিয়েশন ফর রুরাল পিপলস অ্যাডভান্সমেন্ট (অর্পা), লাসটার, নিডা সোসাইটি ও পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস)-এর যৌথ উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশ সকলের। সংবিধান সবার অধিকার নিশ্চিত করেছে। জন্ম নিলেই একজন নাগরিক রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখেন।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা বা ধর্ম পালনে কেউ কোনো বাধার সম্মুখীন হলে তা বৈষম্যের বিষয়। সরকার জনগণের কল্যাণে কাজ করে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সরকার বিশেষ সুবিধা দিয়েছে। এ ক্ষেত্রে আপনাদেরও অধিকার গ্রহণের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। সমান অধিকারী হিসেবে রাষ্ট্রের পাশে থেকে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের নিজেদের রাষ্ট্রের প্রথম শ্রেণির নাগরিক মনে করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন নিডা সোসাইটির নির্বাহী পরিচালক মোছা. জাহানারা বিউটি।

বাংলাদেশের সমতল এলাকার আদিবাসী জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রস্তুত করা পজিশন পেপার উপস্থাপন করেন অর্পার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. ওয়াহেদুজ্জামান।

সভাটির লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন পিকেএসএস-এর নির্বাহী পরিচালক ডেইজী আহম্মেদ।

সভায় আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা জীবিকা ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, ধর্মীয় উৎসবে নাশকতা রোধে নিরাপত্তা, কর্মসংস্থান, নিজস্ব ভাষায় শিক্ষা, সম্প্রদায়ভিত্তিক বিদ্যালয় প্রতিষ্ঠা, আবাসন ও ভূমি বরাদ্দসহ বিভিন্ন সরকারি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

মুক্ত আলোচনায় বক্তব্য দেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার মিঠু মারডি, সদর উপজেলার লিপি কুজুর, সিংড়া উপজেলার লাবনী এক্কা, বড়াইগ্রাম উপজেলার রুপালী বিশ্বাস ও রঘুনাথ এক্কা, এএসইউএস-এর নির্বাহী পরিচালক নরেশ ওঁরাও এবং সাংবাদিক কালীদাস মুন্ডাসহ অনেকে।

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং নাটোরের বাগাতিপাড়া, সিংড়া, বড়াইগ্রাম ও সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।