
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। এ সময় তিনি প্যারেড পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট মূল্যায়ন করেন। মূল্যায়নে সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
পরে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণ বজায় রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দারের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের সাতটি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে প্যারেডে অংশগ্রহণ করে এবং পুলিশ সুপারকে অভিবাদন জানায়।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের কিট প্যারেডও পরিদর্শন করেন এবং সরকারি সরঞ্জামাদি ও ইউনিফর্মের সংরক্ষণ, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার; অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।