অসহায়দের পাশে ১১ আর ই ব্যাটালিয়ন, কাপ্তাইয়ে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

প্রতিবেদক: নুর মোহাম্মদ
প্রকাশ: ৩ ঘন্টা আগে

রাঙামাটির কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আর ই ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১১ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার গবাগনা বাঙালি পাড়ায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষসহ শিশুরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। দূর-দূরান্ত থেকেও অনেকে চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন।

সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসির তত্ত্বাবধানে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

১১ আর ই ব্যাটালিয়ন সূত্র জানায়, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।