কাউখালীতে পুলিশের অভিযানে ১৫০ কেজি চোলাই মদের উপকরণসহ গ্রেফতার ২

প্রতিবেদক: আরিফুল হক
প্রকাশ: ৫ দিন আগে

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় চোলাই মদ তৈরির ১৫০ কেজি উপকরণ (মূলি) ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে কাউখালী থানাধীন ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী তিন রাস্তার মোড় সংলগ্ন চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের বটতলা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে এ অভিযান চালানো হয়।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই (নিরস্ত্র) সৈয়দ বকতিয়ার আলী, এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযানে ১৫০ কেজি দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ (মূলি) ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রাঙ্গামাটি সদর উপজেলার মানিকছড়ির মো. বেল্লাল কবির প্রকাশ তবি (৪৬) এবং কাউখালী উপজেলার ঘাগড়া বাজার এলাকার নেউছিন রাখাইন (৪০)।

এ ঘটনায় কাউখালী বেতবুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এফআইআর নং-০৭ তারিখ: ২৩ জুলাই ২০২৬ জিআর নং-৪১ মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. হাবিবুর রহমানকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।